ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে বাক্প্রতিবন্ধী ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শরিফুল ইসলাম (২৮) একই গ্রামের মৃত আবতার হোসেনের ছেলে।
ভুক্তভোগীর মা মুক্তা বানুর অভিযোগ, তিনি মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে চম্পা নামের ব্যবসায়ীর এক নারী বাসায় চুল বাছাইয়ের কাজ করতে যান। এ সময় শরিফুল ইসলাম ইশারায় তার মেয়েকে ডেকে ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে মুখ চেপে ধরে ও জীবননাশের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে ভুক্তভোগী ঘর থেকে বের হয়ে তার মাকে ইশারায় বিষয়টি জানান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে ফুলবাড়ী থানায় খবর দেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আসামীকে আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



