ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : বাংলাদেশ স্কাউটসের রোভার স্কাউট শাখায় উডব্যাজ পার্চমেন্ট অর্জন করেছেন সিরাজগঞ্জের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি সাইফুল ইসলাম সরকার এবং গ্রুপ সম্পাদক হাদিসুর রহমান। তাদের এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউটস সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আওতাধীন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ইউনিট পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট রোভার স্কাউট শিক্ষককে নির্ধারিত প্রশিক্ষণ ও মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয়। শুরুতে ওরিয়েন্টেশন কোর্সের পর রোভার বেসিক কোর্স, রোভার অ্যাডভান্স কোর্স এবং রোভার স্কিল কোর্স সম্পন্ন করতে হয়। পরবর্তীতে রোভার অঞ্চলে লকবুক ও ইউনিট পরিদর্শনের রিপোর্ট প্রদানসহ নির্ধারিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর প্রশিক্ষণ বিভাগের মাধ্যমে উডব্যাজ অর্জনের সুযোগ পাওয়া যায়।
বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ শামসুল হকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত রোববার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও অধ্যক্ষ সাইফুল ইসলাম সরকার এবং গ্রুপ সম্পাদক হাদিসুর রহমান রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জন করায় বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের কমিশনার মোঃ সামসুল হক, সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন প্রিন্স এবং কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলামের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, উডব্যাজ অর্জনের মাধ্যমে একজন স্কাউটার স্কাউটিংয়ের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। ফলে নতুন এ অর্জনের মাধ্যমে সাইফুল ইসলাম সরকার ও হাদিসুর রহমান আরও দক্ষতার সঙ্গে রোভার স্কাউট ইউনিট পরিচালনা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখতে পারবেন।
উডব্যাজ অর্জনের অনুভূতি জানিয়ে অধ্যক্ষ সাইফুল ইসলাম সরকার বলেন, “রোভার স্কাউট শাখায় উডব্যাজ অর্জন আমার জন্য অত্যন্ত সম্মানের ও অনুপ্রেরণার। স্কাউট আন্দোলনের আদর্শ ধারণ করে নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা ও মানবিক মূল্যবোধ গঠনে আজীবন কাজ করে যেতে চাই। এ অর্জনের পেছনে যাদের দিকনির্দেশনা ও সহযোগিতা রয়েছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
সংশ্লিষ্টরা মনে করছেন, তাদের এ অর্জনের মাধ্যমে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিকতা ও স্বেচ্ছাসেবার মানসিকতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।



