ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ -৩ এর সংসদ সদস্য ফজলে হুদা।
প্রধান অতিথি সংসদ সদস্য ফজলে হুদা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মের মানুষ যাতে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে যার যার ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনকে নির্দেশ দেন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় সর্বস্তরের জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি তাঁর বক্তব্যে বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবী দল কাজ করবে। আমরা আশা করি, সকলের সহযোগিতায় বদলগাছীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অত্যন্ত আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হবে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, পূজা চলাকালীন মণ্ডপ ও আশেপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টহল জোরদার থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং উপজেলার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলার ৮ ইউপির চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং উপজেলার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, চলতি বছরে বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১০৮ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।


