ধূমকেতু প্রতিবেদক,পোরশা : “শক্তিশালী পরিবারই উন্নয়নের মূল একক” প্রতিপাদ্যের আলোকে স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে নওগাঁর পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে একযোগে অনুষ্ঠিত এই সভার অংশ হিসাবে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাবিলা ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন শাহ্ সুফি, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও রাকিবুল ইসলাম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে এই ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য হলো প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।
নিখুঁত ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোর কাছে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। #



