ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে নওগাঁর বদলগাছীতে চার শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা এসব বস্ত্র বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বদলগাছী উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বদলগাছী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। উপজেলার আটটি ইউনিয়নের চার শতাধিক অসহায় মানুষের হাতে তিনি শাড়ি-লুঙ্গি তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। প্রতিবছর বদলগাছী ও মহাদেবপুর—এই দুই উপজেলায় এ উপহার বিতরণ করা হয়। দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



