ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক রায়গঞ্জ উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় জেলা ভোক্তা অধিদপ্তরের আয়োজনে এ অভিযান অনুষ্ঠিত হয়। এ অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিদেশী কসমেটিকসের লেবেলে আমদানি ও বিএসটিআই ছাড়পত্র না থাকা, পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাথী বেকারির মালিক মোছা: কুলসুম আরাকে ২০,০০০ টাকা, বেলি ডেইরী ও ফুড প্রোডাক্টসের মালিক মো: জাকির হোসেনকে ৪০,০০০ টাকা এবং জিয়াসমিন শোরুমের মালিক মো: জাহিদুল ইসলামকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। পরে বেশ কিছু বাজারে ফল, ভোজ্য তেল ও নিত্য পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মো: ইব্রাহিম হোসেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।



