ধূমকেতু প্রতিবেদক : নগরীতে পারিবারিক দ্বন্দ্ব বা বিরোধের জেরে এক শরিকের মালামাল হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার নগরীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মালামালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিতর্কিত মালামাল সাময়িক হেফাজতে নেয়।
জানা গেছে, রাজশাহী বিসিক-১ এ জিএম আলমগীররের নর্থ বেঙ্গল ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠান ছিল। যা এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। জিএম আলমগীররের ছেলে জিএম ফয়সাল ও মেয়ে অনিন্দীতা। জিএম ফয়সালের দুই স্ত্রীর এক ছেলে জিএম ফুয়াদ ও এক মেয়ে। জিএম আলমগীর ও ছেলে জিএম ফয়সাল মৃত্যুবরণ করেন। এতে মেয়ে অনিন্দীতা, নাতী ফুয়াদ ও নাতনি অংশিদার হন। কিন্তু নাতী ফুয়াদ ও নাতনি দু’জনই নাবালক থেকে যায়। এতে ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। যা আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে মঙ্গলবার জিএম ফুয়াদ ও তার মা নাজমুননাহার নর্থ বেঙ্গল ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের অকেজো মেশিনের মালামাল নিজেরা নেওয়ার চেষ্টা করে এবং ট্রাকে লোড করে। এমতবস্থায় আরেক অংশিদার জিএম ফুয়াদের ফুফু অনিন্দিতার পক্ষে ফুপা মামুন আর রশিদ চৌধুরী লোকাল থানায় অভিযোগ জানালে পুলিশ মালামাল হেফাজতে নেন।
এদিকে মামুন আর রশিদ চৌধুরী বলেন, আদালতে মামলা চলমান। তাছাড়া ফুয়াদ অংশিদার হলেও তার মা নয়। কারণ ফুয়াদের মা-কে ফুয়াদের বাবা জীবিত থাকতেই ডিভোর্স দেন। এই অংশিদের মালামাল নিতে হলে আদালতের মাধ্যমেই হতে হবে।



