ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে, রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। দেশ, জাতি ও যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, যুবদল একটি ঐতিহ্যবাহী যুব সংগঠন। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারুণ্যের শক্তি, মেধা, সাহস ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও জনকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুবদলের নেতাকর্মীরা যুবসমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন—এটাই আমার প্রত্যাশা।
রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী মহানগরী আপনার, আমার, আমাদের সবার। এই নগরীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মহানগরী হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতা ও নেতৃত্বে রাজশাহী মহানগরীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও গোছানো নগরী হিসেবে গড়ে তোলা হবে।
বক্তব্যকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা কামনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। সমাবেশে আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ।
সমাবেশে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ থানা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এরআগে সদর হাসপাতালের মোড় হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে শেষ হয়। পরে সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ডের সর্বস্তরের বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।



