ধূমকেতু নিউজ ডেস্ক : বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিচ্ছেদ। তবে সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব অটুট ছিল। একপর্যায়ে দুজনই বুঝতে পারেন, একে অপরের সঙ্গেই জীবন কাটাতে চান। শেষ পর্যন্ত প্রাক্তন প্রেমিক গৌতম কিচলুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের প্রেম, বিচ্ছেদ ও আবার এক হওয়ার গল্প শুনিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, কীভাবে কোভিড মহামারির সময় বদলে যায় তাঁদের সম্পর্কের সমীকরণ।
সাক্ষাৎকারে নিজের প্রেমের গল্প বলতে গিয়ে কাজল বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি।’
এক বন্ধুর বিয়েতে গৌতমের সঙ্গে পরিচয় হয়েছিল তার। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা। প্রায় ১৩ বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে একপর্যায়ে বিচ্ছেদ হয় দুজনের।
বিচ্ছেদের পরও বন্ধুত্বে ছেদ পড়েনি। দুজনই অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু একে অপরের প্রতি টান রয়ে গিয়েছিল। কাজলের ভাষায়, ‘আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। বন্ধু থেকেছি, অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তারপর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’
কোভিড মহামারি তাঁদের সেই উপলব্ধিকে আরও দৃঢ় করে। কাজল জানান, পুরো পৃথিবী যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন তাঁরা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে এবার সম্পর্ক নিয়ে কোনো অনিশ্চয়তা রাখতে চাননি অভিনেত্রী। গৌতমকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বিয়েতে রাজি হলেই কেবল নতুন করে সম্পর্ক শুরু করবেন।
কাজল বলেন, ‘আমি ওকে বলেছিলাম, এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায়। এবার আর অন্য কোনো পথ নেই।’ অভিনেত্রীর মতে, এত বছর ধরে একে অপরকে চেনার পর নতুন করে জানার কিছু বাকি ছিল না। একে অপরের ভালো-মন্দ, পছন্দ-অপছন্দ এবং জীবনের নানা ওঠানামা সম্পর্কে তাঁদের জানা ছিল।
মহামারির সময় পেশাগত ব্যস্ততা কিছুটা কমে যাওয়ায় ব্যক্তিগত জীবনেও মনোযোগ দেওয়ার সুযোগ পান তাঁরা। কাজল বলেন, ‘লকডাউন আমাদের নিজেদের জীবনটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছিল। সব সময় কাজের পেছনে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবনের দিকে তাকানোর অবকাশ ছিল না। সেই সময়টাতেই আমরা একে অপরকে আরও বেশি করে সময় দিতে পেরেছিলাম।’
২০২০ সালের অক্টোবরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন কাজল ও গৌতম। মহামারির বিধিনিষেধের কারণে ছোট পরিসরেই সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। সূত্র: আনন্দবাজার অনলাইন


