ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আঙ্গুর চাষ। এ চাষকে আরও সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং চাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দুর্গাপুরে গঠিত হয়েছে আঙ্গুর চাষীদের সমিতি। আয়োজকদের ধারণা, এটি হতে পারে দেশের প্রথম আঙ্গুর চাষীদের সমিতি। বৃহস্পতিবার ১৯ নভেম্বর উপজেলার বখতিয়ার গ্রামে এ কমিটি গঠন করা হয়।
জানাগেছে, সমিতি গঠনের প্রাথমিক ধারণা আসে দেশের প্রথম দিকের আঙ্গুর চাষী রুহুল আমিনসহ কয়েকজন উদ্যোক্তার হাত ধরে। তাঁদের উদ্যোগ ও আগ্রহে দেশের বিভিন্ন অঞ্চলের আঙ্গুর চাষীদের একত্রিত করার এ উদ্যোগ বাস্তবে রূপ নেয়।
দুর্গাপুরে আঙ্গুর চাষের সম্ভাবনা তৈরির পাশাপাশি চাষীদের বিভিন্ন কারিগরি সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় শুরু থেকেই পাশে রয়েছে উপজেলা কৃষি অফিস। আঙ্গুর বাগান স্থাপন, পরিচর্যা, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমনসহ বিভিন্ন বিষয়ে চাষীদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছে কৃষি বিভাগ। চাষীদের নতুন নতুন উদ্যোগকে উৎসাহিত করা এবং আঙ্গুর চাষের সম্ভাবনাকে কাজে লাগাতেও কাজ করছে উপজেলা কৃষি অফিস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তোহিদুর রহমান, দুর্গাপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফিরোজ আহম্মেদ ও মোতালেব হোসেন। এছাড়া চুয়াডাঙ্গা, জয়পুরহাট, নাটোরসহ বিভিন্ন জেলা এবং রাজশাহী জেলার প্রায় সব উপজেলার আঙ্গুর চাষীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী বলেন, “আঙ্গুর চাষ আমাদের দেশে একটি সম্ভাবনাময় কৃষি উদ্যোগ। তবে এ চাষে নানা ধরনের কারিগরি চ্যালেঞ্জ রয়েছে। দুর্গাপুরের আঙ্গুর চাষীদের শুরু থেকেই কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। সমিতি গঠনের মাধ্যমে চাষীরা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো পরস্পরের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ ও সরকারি সহযোগিতা আরও কার্যকরভাবে চাষীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বলেন, “সমিতির মাধ্যমে আঙ্গুর চাষীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ পাবেন। উন্নত চাষ পদ্ধতি, রোগবালাই ব্যবস্থাপনা, উৎপাদন ও বিপণনসহ বিভিন্ন বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। কৃষি বিভাগ আঙ্গুর চাষের উন্নয়ন ও সম্প্রসারণে চাষীদের পাশে থাকবে।”
সমিতি গঠনের অন্যতম উদ্যোক্তা আঙ্গুর চাষী রুহুল আমিন বলেন, “আঙ্গুর চাষ করতে গিয়ে আমরা নানা ধরনের সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হই। একেক এলাকার চাষীদের অভিজ্ঞতা একেক রকম। সবাইকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারলে নিজেদের অভিজ্ঞতা বিনিময়, সমস্যা সমাধান এবং আঙ্গুর চাষের উন্নয়নে একসঙ্গে কাজ করা সহজ হবে। সেই চিন্তা থেকেই এই সমিতি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সমিতির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের আঙ্গুর চাষীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি আঙ্গুর চাষের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণ সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
সম্ভাবনাময় আঙ্গুর চাষকে এগিয়ে নিতে চাষীদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


