ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের দুই কোটি প্রান্তিক, দরিদ্র ও দূরবর্তী মানুষের কাছে বিনামূল্যে চক্ষু সেবা পৌঁছে দেয়া হবে। এর মধ্যে অন্তত এক কোটি মানুষের হাতে প্রয়োজনীয় চশমা তুলে দেয়া হবে এবং ছানিজনিত কারণে অন্ধ হয়ে থাকা ১০ লক্ষাধিক মানুষের অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়া হবে।
শনিবার,(২১ নভেম্বর) সকালে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে প্রফেসর এম এ মতিন আই কেয়ার সিস্টেম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন শেষ তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জ জেলায় বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন সম্পন্ন করা হবে এবং জেলার প্রায় চার লাখ মানুষের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হবে।’প্রতিমন্ত্রী জানান, প্রফেসর এম এ মতিন আই হসপিটাল, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেয়া হয়েছে। সিরাজগঞ্জে নানা কারণে অন্ধত্ববরণ করা প্রায় ৩৩ হাজার মানুষের মধ্যে ২৬ হাজার মানুষই ছানিজনিত কারণে অন্ধ; অনেকেরই দুই চোখে ছানি থাকায় ২০২৮ সালের ২০ নভেম্বরের মধ্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সায়ীদ মেহবুব উল কাদির, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, প্রমুখ।


