ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী: ফুলবাড়ী আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, আমাদের পক্ষে ভিত্তি আছে, তথ্য আছে, মানুষের শক্তি ও লড়াইয়ের ইতিহাস আছে। তাই এ আন্দোলন অব্যাহত রাখতে হবে। সামনে একটি মহাসমাবেশ করতে হবে। প্রয়োজনে ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত লংমার্চ করা হবে।
শনিবার (২৮ নভেম্বর) দিনাজপুরের ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় স্বার্থ, বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক এম এম আকাশ। এ ছাড়া বক্তব্য দেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও ড. তানজিম উদ্দিন খানসহ আমন্ত্রিত আলোচকেরা।
সভায় বক্তারা দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ফুলবাড়ী আন্দোলনের চেতনা ধরে রেখে ছয় দফা চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আল আমিন, সালেকিন ও তরিকুল নামে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক মানুষ। ওই আন্দোলনের পর ছয় দফা চুক্তি স্বাক্ষরিত হলেও দীর্ঘ ২০ বছরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ রয়েছে।
আলোচনা সভায় জাতীয় কমিটির নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


