ধূমকেতু প্রতিবেদক, রাবি : ‘মধু মাসের মিষ্টি আম, গরীবরাও খাবে ধুমধাম’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় পথশিশু, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে এক আনন্দমুখর পরিবেশে আম উৎসব পালিত হয়েছে। রাজশাহী ও চাঁদপুর জেলার দুটি সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠন দুটি হচ্ছে, এ স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন ও লোটাস-বাড চ্যারিটি ফোরাম। শুধু আম উৎসবের মধ্যে সিমাবদ্ধ থাকেনা সংগঠটি। বিভিন্ন সময়ে অসহায় পথশিশু ও সুবিধাবঞ্চিতদের নিয়ে শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন করে থাকে।
রোববার ২০ জুন থেকে দুইদিনব্যাপী আম উৎসব করা হয়। দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ণরত একঝাক মেধাবী শিক্ষার্থীরা রাজশাহী জেলার বিভিন্ন বাগান থেকে আম সংগ্রহ করে। পরে প্রায় একহাজার কেজি মিনি ট্রাক যোগে ঢাকায় নিয়ে যায়। বিশেষ করে রাজধানী কমলাপুর, আরামবাগ, জাতীয় শহীদ মিনার, দারুল কুরআন, মডেল মাদ্রাসা, স্বপ্নছোঁয়া পাঠশালা, তাহফিজুল কোরআন মাদ্রাসা ও ডোমরার বিভিন্ন স্থানে বিনামূল্য বিভিন্ন জাতের সুস্বাদু আম বিতরণ করে স্বেচ্ছাসেবীরা।
আম পেয়ে খুশিতে আত্নহারা পথশিশুরা জানান, এতগুলা আম কোন দিনই পাইনি। আম গুলি অনেক মিস্টি। ভবিষ্যতে আরো আম খেতে চান স্বেচ্ছাসেবীদের নিকট।
স্বেচ্ছাসেবীরা জানান, ঢাকা শহরের এমন অনেক অসহায় মানুষ রয়েছে যাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। যাদের নিয়মিত দুবেলা খাবার জোটেনা। সেই খাবারের জন্য অনেক সংগ্রাম করতে হয়। এসব মানুষের কাছে আমের মত দামী ফল খাওয়াতো স্বপ্নের মত। সুমিষ্ট আম খাইয়ে হাসি ফুটানোই মূল লক্ষ্য আম উৎসব আয়োজকদের।


