ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জিয়াউর রহমান দলটির গোদাগাড়ী উপজেলা কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিয়াউর রহমানের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা তামিলের অংশ হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে মামলাটি চলমান থাকায় নিয়মিত আইনি কার্যক্রমের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।


