ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ১০ হাজার পিচ ইয়াবা এবং ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর নদী এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে রাতে তারা এ বিষয়ে বাঘা থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মাহাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন, মনিগ্রাম গ্রামের কালু মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল ও হরিরামপুর গ্রামের মাসুদ আলীর ছেলে উকিল মন্ডল বুধবার দুপুর দেড়টার দিকে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ১০ হাজার পিচ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিল নিয়ে মনিগ্রাম বাজারের দিকে আসছিল।
পথিমধ্যে তারা হরিরামপুর এলাকায় পৌছলে বিজিবি’র উপস্থিত টের পেয়ে ইয়াবা ও ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে এগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আহাদ আলী বাদি হয়ে রাত ১.৩০ মিনিটের সময় বাঘা থানায় তিনজন কে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।
তবে স্থানীয় লোকজনের দাবি, বিজিবি ইচ্ছে করলে আসামীদের মধ্যে ১-২ জনকে আটক করতে পারতো। এ বিষয়ে তাদের অনেকটায় উদাশিনতা রয়েছে। এ কারণে তাদের চোখের সামনে দিয়ে আসামীরা পালিয়ে যায়।
নাম প্রকাশ না করার স্বর্তে বাঘা থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, বাঘা থানায় এক মাসে যদি বিজিবি চারটি মামলা দায়ের করেন তার মধ্যে সব গুলোয় তাকে আসামী বিহীন পরিত্যাক্ত উদ্ধার। এ সংক্রান্তে সম্প্রতি উপজেলা আইন শৃঙ্খলা মিটিং একজন গণমাধ্যম কর্মীর প্রশ্নে বিজিবিকে প্রশ্ন বিদ্ধ হতে হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তাদের গ্রেপ্তার চেষ্টা চলছে।


