ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে ২ জন বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
শনিবার গোমস্তাপুর মোড়ে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো, গোমস্তাপুর ইউনিয়নের কাঁশিপুর গ্রামের মহিমের ছেলে জাকির ( ৪৫)। তাঁকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। অন্য জন হলো মৃত মহসীন আলীর ছেলে সেলিম রেজা( ৫০)। তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগন্জ ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ফোয়ারা ইয়াসমিন জানান, তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে অনুমোদনহীন ওষুধ বিক্রি করে আসছিল। তার নেতৃত্বে র্যাব-৫ চাঁপাইনবাবগন্জ ক্যাম্পের সদস্যদের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীস মোমতাজ তাদের এ অর্থদন্ড প্রদান করেন।


