ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে মফিদুল ইসলাম (৫৫) নামে এক কৃষকদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে একই গ্রামের মৃত সামু মন্ডলের ছেলে। নিহত কৃষকের শরীরে ধারাল অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
নিহতর পরিবার ও স্থানীয়রা জানায়, মফিদুল ইসলামের ছেলে সাগরের সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হলে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
এ ঘটনার জের ধরে প্রতিপক্ষরা মফিদুল ইসলামকে মঙ্গলবার (৩১ আগষ্ট) রাতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার দুপুরে মফিদুল ইসলামের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহরতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মফিদুল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


