ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের গোয়েন্দাপ্রধানের হঠাৎ আফগানিস্তান সফর নিয়ে নানা আলোচনার মধ্যে তালেবান জানাল, তিনি কাবুল এসেছিলেন দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে।
রোববার তালেবানের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। খবর টোলো নিউজের।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লে. জেনারেল ফাইজ হামিদ শনিবার আফগানিস্তান সফরে আসেন।
এদিকে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছিল, ফাইজ হামিদ তালেবানের আমন্ত্রণে কাবুল সফর গেছেন।
তবে তালেবান বিষয়টি অস্বীকার করে দাবি করেছে, পাকিস্তানই হামিদের সফরের জন্য প্রস্তাব দিয়েছে।
তালেবানের সাংস্কৃতিক কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, তালেবানের নেতারা ফাইজ হামিদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।
‘পাকিস্তানি কর্মকর্তারা কাবুল সফরে এসেছেন সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে তুরখাম ও স্পিন বুলদাকের যাত্রীদের সমস্যা নিয়ে আলোচনার জন্য। তারা চেয়েছেন কাবুল সফর করতে, আমরা তা গ্রহণ করেছি,’ বলেন ওয়াসিক।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পাকিস্তানের গোয়েন্দাপ্রধান বলেন, চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে।
পাকিস্তানের গোয়েন্দাপ্রধান আরও বলেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু করার ক্ষেত্রে পাকিস্তান আফগানিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দেবে।
হিজব-ই-ইসলামি পার্টির নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, পাকিস্তানের গোয়েন্দাপ্রধান হেকমতিয়ারের সঙ্গে দেখা করেছেন। তিনি দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে হিজব-ই-ইসলামি পার্টির নেতার সঙ্গে আলোচনা করেন।


