ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নামুড়ী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে ঘুষি মেরে নাক ফাটানোর অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায়ের বিরুদ্ধে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে নামুড়ী স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে এ ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত নজরুল ইসলাম উপজেলার টাওয়ার পাড়া এলাকার বাসিন্দা ও নামুড়ী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক।
ঘটনার সূত্রে জানা যায়, সোমবার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হন। একারণে প্রধান শিক্ষক নজরুল ইসলাম হাজিরা খাতায় তাকে অনুপস্থিত দেখান। স্বাক্ষরের জায়গায় অনুপস্থিত লেখা হলেও জোর পূর্বক সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় হাজিরা খাতায় স্বাক্ষর করেন। প্রধান শিক্ষক এর কারণ জানতে চাইলে ভুপতি রঞ্জন রায় ক্ষিপ্ত হন ও তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিদ্যালয় চলাকালীন সময়ে অফিস কক্ষে সকলের সামনে শিক্ষক ভুপতি রঞ্জন রায় প্রধান শিক্ষকের নাকে ঘুষি মারেন। এসময় বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী নজরুল ইসলাম ভুপতি রঞ্জন রায়কে সহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে।
নামুড়ী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলকাছ আলী বলেন, ভুপতি রঞ্জন রায় গত ৫ দিন বিদ্যালয়ে দেরিতে আসায় স্যার (প্রধান শিক্ষক) হাজিরা খাতায় অনুপস্থিত লিখে স্বাক্ষর করেন। কেন অনুপস্থিত লেখা হয়েছে এ নিয়ে অফিস কক্ষে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় ও অফিস পিয়ন নজরুল ইসলাম প্রধান শিক্ষককে আঘাত করেন।
এবিষয়ে সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন রায় অভিযোগ স্বীকার করে সাংবাদিকদের বলেন, প্রথমে প্রধান শিক্ষক আমার উপর উত্তেজিত হলে আমি তার নাকে একটা ঘুষি মেরেছি মাত্র।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


