ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম আজাদ (৩৫) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে।
বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবড়ি এলাকায় তাকে আটক করে।
এসময় তার ব্যাগ থেকে ১ টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
ধৃত ব্যক্তি হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার লক্ষীনারায়নপুর মহাজনটোলা গ্রামের জোবেদ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী’র নেতৃত্বে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী মোড়ের জনৈক কালাম ডিলারের দোকানের সামনে অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


