ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরে পুলিশি কাজে বাধা, যান চলাচলে প্রতিবন্ধকতা এবং দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের মধ্যে যুবদল ও ছাত্রদলের ৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে গাজীপুর সদর থানার এসআই মো. আল আমিন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলায় ৪১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর দেড়টার দিকে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা পাশের ভাওয়াল রাজবাড়ি সড়কে নেমে যান চলাচলে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সড়ক থেকে তাদের সরে যেতে বলে। কিন্তু তা না মেনে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে তারা। পরে পুলিশও লাঠিচার্জ এবং কয়েক রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় শনিবার রাতে সদর থানার এসআই মো. আল আমিন বাদী হয়ে সরকারি কাজে বাধা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে একটি মামলা করেছেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল ও ছাত্রদলের ৬ কর্মীকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মুনির জানান, গত শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনবিরোধী সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে শনিবার দুপুরে গাজীপুর জেলা বিএনপি কার্যালয় চত্বরে গাজীপুর মহানগর যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
তার অভিযোগ, সমাবেশের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নিলেও পুলিশ তাতে বাধা দেয় এবং হামলা চালায়।
তিনি বলেন, সমাবেশ চলাকালে একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক লাঠিচার্জ করে এবং গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে যুবদলকর্মী মাসুদ মোল্লা ও শামীম মিসি রয়েছেন বলেন তিনি।
তবে তদন্তের স্বার্থে পুলিশ গ্রেপ্তারকৃতদের এবং মামলায় নামীয় অন্য আসামিদের নাম বলেনি।


