ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন বেতন কাঠামো ঘোষণার পরও থামছে না গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা।
এতে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
এদিকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে নতুন এ মজুরি চূড়ান্ত করা হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রতিনিধি জানান, দুই পক্ষের প্রতিনিধিদের প্রস্তাবে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। এতে বোর্ডের ছয়জন সদস্য অংশ নেন। প্রত্যেকে তাদের প্রস্তাব লিখে জমা দেন। পরে তা খুলে ভোট গণনা করা হয়।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বাবুল আখতার বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার দিনভর শ্রমিক ও মালিকসহ সব পক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ একাধিকবার সংশোধিত প্রস্তাব দেয়। তা নিয়ে আলোচনা চলে। শ্রমিকপক্ষ নিজেদের প্রাথমিক প্রস্তাব থেকে কমিয়ে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা প্রস্তাব করে। মালিকপক্ষও তাদের আগের প্রস্তাব থেকে সরে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব দেয়।
মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পোশাক খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিকেল সাড়ে ৪টার দিকে গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স-বাংলাদেশের ব্যানারে কয়েকজন শ্রমিক নেতা মজুরি বোর্ডে একটি স্মারকলিপি জমা দেন। তাতে দ্রুত ন্যায্য মজুরি ঘোষণা, আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, কারখানায় ছাঁটাই বন্ধের দাবি করা হয়। পোশাক খাতে টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার।



