ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রঙ্কন গ্লোবাল ট্রাক-এর জ্যাক ট্রাক-এর নতুন থ্রি-এস (সেলস্ সার্ভিস এন্ড স্পেয়ার পার্টস) সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মেসার্স ওমর ফারুক অটোজের উদ্যোগে পরিচালিত এ সেন্টারটি বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর আমচত্বর সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে রঙ্কন গ্লোবাল ট্রাকও মেসার্স ওমর ফারুক অটোজের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পরিবহন খাতের ব্যবসায়ী, ট্রাক মালিক, চালক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের পরিবহন খাতের চাহিদা বিবেচনায় উন্নতমানের বাণিজ্যিক যানবাহনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের দোরগোড়ায় আন্তর্জাতিক মানের সেবা পৌঁছে দিতে রাজশাহীতে এই আধুনিক থ্রি-এস সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে উত্তরাঞ্চলের গ্রাহকরা দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পাবেন।
বক্তারা বলেন, জ্যাক ট্রাক বর্তমানে দেশের বাণিজ্যিক যানবাহনের বাজারে একটি পরিচিত ও আস্থার প্রতীক। শক্তিশালী ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী কর্মক্ষমতার কারণে পরিবহন খাতে জ্যাক ট্রাক-এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বিক্রয়, সার্ভিস ও খুচরা যন্ত্রাংশের সমন্বিত সুবিধা নিশ্চিত করতে থ্রি-এস সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আরও জানান, নতুন এ সার্ভিস সেন্টারে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা চালু থাকবে। প্রশিক্ষিত প্রকৌশলী ও দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত যানবাহনের সার্ভিস প্রদান করা হবে। এছাড়া সার্ভিস নিতে আসা চালকদের জন্য বিশ্রামাগার, নিরাপদ অপেক্ষাকক্ষ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও রাখা হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা নতুন সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং এর সফলতা কামনা করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রাজশাহীতে এই থ্রি-এস সেন্টার চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের পরিবহন খাতে আধুনিক ও মানসম্মত সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ট্রাক মালিক ও উদ্যোক্তারা আরও সহজে বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারবেন।


