ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে মাছ ধরার ফাঁদ বা দিয়াল। অন্যান্য এলাকায় ফাঁদ নামে চিনে থাকলেও দিয়াল নামেই চিনে থাকেন রায়গঞ্জের অধিকাংশ মানুষেরা।
শনিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার গ্রামাঞ্চলের ভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, হাটে পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রিয় করা হচ্ছে এসব দিয়াল বা ফাঁদগুলো।
ক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, বন্যার পানি না থাকলেও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে খাল বিলসহ বাড়ির আশ-পাশের ছোট-বড় জলাশয় ভরে গেছে। ফলে দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় কম-বেশি দেশীয় জাতের বিভিন্ন মাছ। মাছ ধরার জন্য বাঁশের তৈরি এসব চাই, ফাঁদ, খলসুনি বা দিয়াল দিয়ে মাছ ধরাঁ যায়। বছরের এই সময়টা মাছ ধরার বিভিন্ন ফাঁদ বেশি বেচা-কেনা হয়।
উপজেলার এরান্দহ গ্রামের আব্দুর রাজ্জাক, রেজাউল, রুবেল সরকার জানান, বৃষ্টিতে এলাকার বিভিন্ন স্থানের ডোবা-নালা, খাল-বিল পানিতে ভরে গেছে। আর তাছাড়া এই সময় হাতে তেমন কাজও থাকে না। তাই মাছ ধরার বিভিন্ন ফাঁদ বা দিয়াল উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করেই সংসার চালাচ্ছেন তাদের মতো অনেকেই।
উপজেলার হাটপাঙ্গাসী হাটের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, এসময় নদী, খাল-বিল পানিতে ভরপুর থাকে। সেই পানিতে দেশীয় বিভিন্ন মাছ ধরার জন্য সরঞ্জামের প্রয়োজন হয়। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে পুরোদমে জমে উঠেছে মাছ ধরার ফাঁদ অথবা দিয়ালের।


