ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মেহেদী হাসান (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ নভেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছির একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।
মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কালিগঞ্জ ফুলবাগান মহল্লার জহির উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, মেহেদী হাসান মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এক পর্যায়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয় এবং বিভিন্নস্থানে খোঁজ খবর নেওয়া হয়। পরে থানা পুলিশকে অবহিত করা হয়।
এদিকে, বুধবার ভোরে স্থানীয়রা নিমগাছি এলাকার একটি ছোট ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটি ছোট ডোবার পাসে খেলতে গিয়ে পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, শিশুর লাশটি আধুনিক সদর হাসপাতালের মর্গে আছে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে শিশুটির লাশ হস্তান্তর করা হবে।


