ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শ’ত্রু’তা ও মেয়ের যৌতুক মামলার জের ধরে তোফিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে ।
এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। মঙ্গলবার রাতে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১০ জানুয়ারি উপজেলার রহনপুর ইউনিয়নের ষাঁড়বুরুজ এলাকার তোফিজুল ইসলামের মেয়ে মতাসলিমা আফরোজ তিশার সাথে একই এলাকার আতাউর রহমানের ছেলে সেলিমের (২২) বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করায় তিশা বাদী হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতে একটি মামলা (মামলা নং- ৪১২ সি/২০২৬) দায়ের করেন।
উক্ত মামলা’টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং বিবাদীরা জামিনে মুক্ত আছেন।ওই মামলার জের ধরে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তোফিজুল ইসলাম পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরস্থ আমবাগান থেকে চার্জার ভ্যানযোগে নিজ বাড়ি ষাঁড়বুরুজে ফিরছিলেন। পথিমধ্যে ষাঁড়বুরুজ গ্রামের সোহবুলের বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে পূর্বে থেকে ওত পেতে থাকা বিবাদীরা তার গতিপথ রোধ মারধর করে গুরুত্বর জখম করে।
গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক জানান,তার স্ত্রীর করা অভিযোগটি এজাহার হিসেবে গন্য করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে।


