ধূমকেতু নিউজ ডেস্ক : ফুটবল মাঠে বারবার বিতর্কের জন্ম দেওয়া লুইস সুয়ারেজ আবারও শিরোনামে—তবে এবারও নেতিবাচক কারণে। লিগস কাপের ফাইনালে প্রতিপক্ষের এক স্টাফকে থুতু ছুড়ে মারায় ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইন্টার মায়ামির উরুগুইয়ান তারকা। একই ঘটনায় শাস্তি পেয়েছেন তার দুই সতীর্থ সের্জিও বুস্কেটস ও তোমাস আবিলেস।
গত ৩১ আগস্ট অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হারে মায়ামি। হারের হতাশা সামাল দিতে না পেরে ম্যাচ শেষে মাঠেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন মায়ামির একাধিক খেলোয়াড়। সে সময় সুয়ারেজকে দেখা যায়, সাউন্ডার্সের এক কোচিং স্টাফের দিকে থুতু ছুড়তে। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি।
শুধু সুয়ারেজ নন, গোলযোগে জড়ান মায়ামির স্প্যানিশ মিডফিল্ডার সের্জিও বুস্কেটসও। অভিযোগ অনুযায়ী, তিনি সিয়াটলের মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে ঘুষি মারেন। এছাড়া আর্জেন্টাইন ডিফেন্ডার তোমাস আবিলেসও ছিলেন মারমুখী ভূমিকায়। ফলে আয়োজক কমিটি তাদেরও শাস্তি দিয়েছে।
কে কত ম্যাচ নিষিদ্ধ?
লুইস সুয়ারেজ ৬ ম্যাচ, সের্জিও বুস্কেটস ২ ম্যাচ, তোমাস আবিলেস ৩ ম্যাচ এবং স্টিভেন লেনহার্ট (সাউন্ডার্স কোচিং স্টাফ) ৫ ম্যাচ।
শুক্রবার রাতে এক বিবৃতিতে আয়োজক কমিটি জানায়, লিগস কাপ ২০২৫-এর নিয়ম ভঙ্গের কারণে চারজনকেই ম্যাচ নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করা হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো পরবর্তী লিগস কাপ আসরেই কার্যকর হবে।
এমএলএস (মেজর লিগ সকার) কর্তৃপক্ষও জানায়, তারা আলাদাভাবে তদন্ত চালাচ্ছে এবং প্রয়োজনে অতিরিক্ত শাস্তি আরোপ করতে পারে। কারণ, অভিযোগ রয়েছে—সুয়ারেজ শুধু থুতুই ছোড়েননি, বরং সিয়াটলের এক খেলোয়াড়ের গলায় হাতও দিয়েছেন।


