ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে বিমানের তেলবাহী দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকাল ১০টা ১২ মিনিটে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বিমানের তেলবাহী দুটি গাড়িতে তেল লোড আনলোড করার সময় এ ঘটনা ঘটে।
‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’ মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণে আনার বিষয় নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।


