ধূমকেতু নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে মৃত্যুবরণ করা সবাই জুলাই শহীদ, আহতরা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন আর প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেওয়া হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
চলতি সপ্তাহেই “জুলাই অধিদপ্তর” গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। জুলাই অধিদপ্তরের আওতায় নিহত শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। আহতদের জন্য তিনটি ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হবে।
তিনি জানান, ক্যাটাগরি-১ এর আহতরা পাবেন ৫ লাখ টাকার অনুদান এবং মাসিক ২০ হাজার টাকা।
ক্যাটাগরি-২ এর আহতরা পাবেন ৩ লাখ টাকার অনুদান এবং মাসিক ১৫ হাজার টাকা।
ক্যাটাগরি-৩ এর আহতরা পুনর্বাসনে সহযোগিতা পাবেন।
তিনি বলেন, পরবর্তীতে নির্বাচিত সরকারও জুলাই স্পিরিট ধারণ করবে বলেই বিশ্বাস। তাই জুলাই অধিদপ্তরের কার্যক্রম চালু থাকবে বলে মনে করি।
উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, জেলা প্রশাসকরা অভিযোগ করেছেন, অনেক জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধা আছে। তাঁদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে সুনির্দিষ্ট নির্দেশনা চান জেলা প্রশাসকরা। জামুকার অধ্যাদেশ পরিবর্তন হচ্ছে। তারপর ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, টিআর-কাবিখাতে বরাদ্দ নিবিরভাবে পর্যবেক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথভাবে যেন পুনর্বাসন কার্যক্রম চলে। এখন থেকে ইউএনওরা টিনসহ কিছু সামগ্রী স্থানীয়ভাবে সরকারের নিয়ম অনুযায়ী কিনবেন।


