ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান নতুন এ দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানায় ঢাবির ওই ছাত্রী মামলা করে। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনকে আসামি করা হয়। পরে ওই ঘটনায় কোতোয়ালি থানায় আরো একটি মামলা করেন ওই ছাত্রী।
আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু করে ওই ছাত্রী। এরপর গত রোববার দুই আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং ঢাবি শাখার সহ-সভাপতি নাজমুল হুদা।


