ধূমকেতু নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার ইসির উপ-সচিব মো. মনির হোসেন এ সংক্রান্ত সভার বিজ্ঞপ্তি দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রবিবার সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সভাপতিত্ব করবেন।
এতে অংশ নিবেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ডের মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক প্রমুখ।



