ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সিহাব উদ্দিন মন্ডল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার রাত ১১টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিহাব খট্রেশ্বর ইউনিয়ন (সদর) পূর্ব বালুভরা গ্রামের গ্রাম্য চিকিৎসক রোস্তম আলী মন্ডলের ছেলে। সে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও চলতি সালের এসএসসি পরীক্ষার্থী।
নিহত সিহাবেব বাবা রোস্তম আলী মন্ডল জানান, প্রতিদিনের ন্যায় রাতে আমার ফার্মেসী বন্ধ করে বাড়ি যাই। খাওয়ার জন্য রাত ১১টার দিকে ছেলেকে ঘরে ডাকতে গিয়ে দেখি ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছেলে লাশ ঝুলে আছে। এ সময় পরিবারের ও স্থানীয় লোকজন ছেলে সিহাবের ঝুলন্ত লাশ নামানো হয়। ওই রাতেই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবার সকালে নিহত সিহাবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


