ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এশিয়ার ১০টি দেশের আঞ্চলিক সংস্থা সিআইসিএ’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে আস্তানার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন।
তিনি বলেছেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে ইরানের শক্তিশালী সহযোগিতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।
আস্তানার উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার প্রশাসনের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেয়া হয়েছে।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় বুধবার সিআইসিএ’র শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং আজ এ সম্মেলন শেষ হওয়ার কথা।
এর আগে মঙ্গলবার কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক সামাদিরোভ জানিয়েছিলেন, আজারবাইজান, ইরাক, ইরান, কাতার, কিরঘিজিস্তান, ফিলিস্তিন, রাশিয়া, তাজিকিস্তান, তুরস্ক ও উজবেকিস্তানের শীর্ষ নেতারা এবারের আস্তানা সম্মেলনে অংশগ্রহণ করবেন।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশিঙ্কো সম্মেলনে এই আঞ্চলিক সংস্থার পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন এবং চীন ও ভিয়েতনাম ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে অংশ নেবে।


