ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি পরিবর্তন এসেছে। আগামী ২১ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে এক দিন পিছিয়ে আগামী ২২ মার্চ পর্দা উঠতে পারে আইপিএলের ১৮তম আসরের। কিন্তু আসর শুরুর দিনে পরিবর্তন আসলেও উদ্বোধনী ম্যাচের দল ও ভেন্যু একই থাকছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় একটি দৈনিক।
বিসিসিআয়ের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আইপিএল শুরুর দিন পিছিয়ে যাচ্ছে। ২১ মার্চের বদলে এক দিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হবে। দিন বদলালেও প্রথম ম্যাচের ভেন্যু বদলাচ্ছে না। তাই সেই মাঠেই এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হবে। ফাইনালও হবে ইডেনে।
গত মাসে বিসিসিআইয়ের পক্ষ থেকে রাজীব শুক্লা জানিয়েছিলেন যে, এবারের আইপিএল শুরু হবে ২১ মার্চ থেকে। ফাইনাল হবে ২৫ মে। তবে সেই সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে এখনও কিছু জানায়নি বোর্ড।
গত বছরের শেষ দিকে আইপিএলের মেগা নিলাম হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলি ৬৩৯.১৫ কোটি রুপি খরচ করে। যেখানে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে ঋষব পান্তকে কিনেছে লক্ষ্ণৌ। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড।


