ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুরে তেঁতুল নামাতে গিয়ে গাছ থেকে পড়ে ওয়াজুল ইসলাম (৫৫) নামের এক ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং গাছের নিচে দাঁড়িয়ে থাকা ওয়াজুলের স্ত্রী আনজুআরা গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাইগাঁ ইউপির পয়নারী গ্রামে। নিহত ওয়াজুল ইসলাম রাইগাঁ মাদ্রাসাপাড়া গ্রামের রছায় মন্ডলের ছেলে।
সূত্র জানায়, ওয়াজুল ইসলাম পেশায় ফল ব্যবসায়ী। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের ফল গাছসহ কিনে সেই গাছ থেকে ফল পেড়ে তা বাজারে বিক্রি করতেন। এদিন পয়নারী গ্রামে কেনা একটি তেঁতুল গাছ থেকে তেঁতুল নামাতে গেলে পা পিছলে গাছের নিচে দাঁড়িয়ে থাকা তার স্ত্রীর গায়ের উপর পড়ে যায়।
এ সময় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং স্ত্রী আনজুআরার পা ভেঙে গুরুতর আহত হন। আহত আনজুআরাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


