ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও বড় ধরনের ভাঙনের মুখে জাতীয় পার্টি। তবে পতিত আওয়ামী স্বৈরশাসন আমলের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবার ‘মাইনাস ফর্মুলা’য় ভাঙতে যাচ্ছে।
পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সরিয়ে নতুন জাতীয় পার্টি গঠনের লক্ষ্যে দলের সিনিয়র নেতারা দশম জাতীয় কাউন্সিল করছেন আগামী ২৮ জুন। এর মধ্য দিয়ে সপ্তমবারের মতো ভাঙন দেখবে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি।
জি এম কাদেরকে বাদ দিয়ে যারা নতুন জাতীয় পার্টি করার উদ্যোগ নিয়েছেন, তারা এত দিন কাদেরকেই ছায়া দিয়ে রেখেছিলেন। তাহলে এখন তাকে মাইনাস করা কেন?
জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির বিরুদ্ধে বিষোদগার ও পতিত আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগের পাশাপাশি দলে জি এম কাদেরের একনায়কত্ব, অহমিকায় ফুঁসে উঠেছেন সিনিয়র নেতারা।
বিশেষ করে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলটির ১৭ বছর মহাসচিবের দায়িত্ব পালন করা বর্তমান কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রকাশ্যে জি এম কাদেরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
জি এম কাদেরের অনেক ঘনিষ্ঠ নেতাসহ পার্টির সাবেক কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টুসহ সিংহভাগ শীর্ষ নেতা জি এম কাদেরকে মাইনাসের উদ্যোগে ঐকমত হয়েছেন। জি এম কাদেরকে বাদ দিয়ে নতুন করে পার্টি গঠনে তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন তারা।


