ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বন্ধ ইট ভাটা চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মহাদেবপুরের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ইট ভাটা মালিক শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শ্রমিকরা শ্লোগান দেয়, “ইট ভাটা বন্ধ কেন? প্রশাসন জবাব চাই, হয় কাজ দে, নয় তো ভাত দে” সহ বিভিন্ন শ্লোগান দেয়।
শ্রমিকরা বলেন এ উপজেলায় ইট ভাটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ২০ হাজার শ্রমিক জড়িত থেকে তারা জীবিকা নির্বাহ করছে। ইট ভাটা বন্ধ থাকলে এসব শ্রমিকদের অনাহারে থাকতে হবে। সমাবেশে শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল রানা, উত্তম কুমার, মাসুদ রানা, মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন আজমল হক, তোফাজ্জল হোসেন, আলমগীর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে এসব ইট ভাটা চালুর দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ৭ নভেম্বর পরিবেশ অধিদপ্তর উপজেলার প্রায় ১১টি ইট ভাটা বন্ধের নির্দেশ দেয়।#


