ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে পাষণ্ড স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগর (৩৫) কে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার বকাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাগর উপজেলা সদরের মহিলা কলেজ পাড়ার মৃত জান মোহাম্মদ এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী সাগরের ছুরিকাঘাতে স্ত্রী আফসানা মিমি (২৮) গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে আফসানা মিমির মৃত্যু হয়। পারিবারিক বিরোধের কারণে নিজ বাড়ি ছেড়ে সাগর তার স্ত্রী আফসানা মিমিকে নিয়ে দুলালপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার দিন গত ১৬ মার্চ পারিবারিক কলহের একপর্যায়ে সাগর তার স্ত্রী আফসানা মিমিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে (২৭ মার্চ) আফসানা মিমি’র মৃত্যু হয়।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, আফসানা মিমি হত্যার ঘটনায় তার বাবা আব্দুল মজিদ পিয়াদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে শনিবার রাতেই অভিযুক্ত সাদ্দাম হোসেন ওরফে সাগরকে আটক করা হয়েছে। #


