ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী: নওগাঁর বদলগাছী উপজেলায় দীর্ঘদিন ধরে অবহেলিত ও পলি জমে ভরাট হয়ে থাকা চাঁপাইনগর থেকে আধাইপুর পর্যন্ত প্রায় ৭৫০ মিটার গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ৪৮,নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে এ কাজের শুভ উদ্বোধন করেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি পুনঃখননের ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫–২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। খাল, বিল ও জলাশয় পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে যেমন কৃষকরা উপকৃত হবেন, তেমনি জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে যাবে।
তিনি আরও বলেন, খালটি পুনঃখনন হলে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটিতে পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে আশে পাশের ফসলি জমিতে পানি জমে থাকত, ফলে প্রতি বছর কৃষকদের ক্ষতির মুখে পড়তে হতো। খালটি পুনঃখনন হলে এ সমস্যা অনেকাংশে সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
চাঁপাইনগর এলাকার কৃষক মামুন বলেন, খালটি ঠিকমতো খনন করা হলে ফসল উৎপাদন ভালো হবে।
আধাইপুর এলাকার বাসিন্দা রহিম বলেন, খালটি পুনরুদ্ধার হলে এলাকার পরিবেশের ভারসাম্যও ফিরে আসবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৭৫০ মিটার খাল পুনঃখননের মাধ্যমে কয়েকশ একর জমির পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এদিকে স্থানীয় সচেতন মহল প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়ন ও কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে সাধারণ মানুষ।


