ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পুরাতন পুকুর সংস্কারের সময় কষ্টি পাথর সাদৃশ রাধা গোবিন্দ মূর্তি পাওয়া গেছে। পরে খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বুধবার দুপুরে উপজেলার সফাপুর ইউপির জাদনের মোড় এলাকায় ইটভাটা মালিক শহিদুল ইসলামের একটি পুরাতন পুকুর খননের সময় খনন যন্ত্রের সাথে মূর্তিটি উঠে আসে। রাধা গোবিন্দ এ মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি। খবর পেয়ে থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
এ সময় সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, মূর্তিটি রং করা ছিল। কষ্টি পাথরের মূর্তি সাধারণত রং করা থাকে না। কেউ হয়তো ঝামেলা এড়াতে মূর্তিটি পুকুরে ফেলে থাকতে পারে।
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, মূর্তিটি কষ্টি পাথর কিনা তা পরীক্ষার পর জানা যাবে।#


