ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ছেলেকে হামের টিকা দিতে নেয়ার পথে ভ্যান থেকে পড়ে নার্গিস খাতুন (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরআগে মঙ্গলবার সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নার্গিস খাতুন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বামী আশরাফুল ইসলাম বলেন, সকালে নার্গিস ছেলেকে হামের টিকা মিরপুরের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পর খবর পাই, সে ভ্যান থেকে পড়ে আহত হয়েছে। পরে তাকে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় মেডিকেল থেকে একটি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ভ্যান থেকে পড়ে গুরুত্বর আহত এক নারীর কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



