ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যু বরণ করেন মিজানুর রহমান মিঠু (৩৬)। মিজানুর রহমান মিঠু সদর উপজেলার কিসমত কসবা গ্রামের সামশুর রহমানের ছেলে এবং সরস্বতীপুর বাজারের ব্যবসায়ী।
সন্ধ্যায় অপর দুর্ঘটনায় ডাক্তারের মোড়ের অদূরে বটতলী নামক স্থানে ভুটভুটির ধাক্কায় শিশু তাহেরা খাতুন (২) এর মৃত্যু হয়। তাহেরা খাতুন মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির গোয়ালবাড়ি গ্রামের রাকিব হোসেনের মেয়ে। শিশুটির বাবা রাকিব হোসেন জানান, তাহেরা তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে চার্জার ভ্যান যোগে তার নানী ও খালার সাথে বাড়িতে আসছিস। পথিমধ্যে সন্ধ্যা ৬ টার দিকে বটতলী মোড়ে এসে চার্জার ভ্যান থেকে নেমে ভাড়া দিচ্ছিল তার নানী।
এ সময় রাস্তার পাশে খালার সাথে দাঁড়িয়ে ছিল শিশু তাহেরা। এ সময় নওগাঁর দিক থেকে আসা একটি ভটভটি তাকে সজোরে ধাক্কা দেয়। ভটভটির ধাক্কায় শিশুটি রাস্তায় ছিটকে পরে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার হাট চকগৌরী চেয়ারম্যানের বাড়ীর সামনে পাকা রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিল মিজানুর রহমান মিঠু। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি অজ্ঞাতনামা বাস তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পরে গিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন মিঠু।
স্থানীয়রা তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ও মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#


