ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন, খেলার সামগ্রী বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য খেলার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ উন্নয়নে উচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়। এছাড়া আত্মকর্মসংস্থান ও নারীর আর্থিক ক্ষমতায়নে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকার শিক্ষা, ক্রীড়া ও আত্মকর্মসংস্থানের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এসব সহায়তা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, সরকারের এই উন্নয়ন কার্যক্রমের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।



