ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে আত্রাই নদীর স্মশান ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাঁর সাথে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় উপস্থিত ছিলেন। মহাদেবপুর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন। অভিযান চলাকালে আত্রাই নদী থেকে প্রায় ৮শ ৫০ মিটার চায়না দুয়ারী রিং জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ চায়না দুয়ারী জাল ধরতে অভিযান অব্যাহত থাকবে।#



