ধূমকেতু প্রতিবেদক,পোরশা: চলতি এইচএসসি পরীক্ষায় নওগাঁর পোরশায় বাংলা বিষয়ে বদলী পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিতে এসে বিপ্লব বর্মণ (২০) নামে এক বদলী পরীক্ষার্থীসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন বদলী পরীক্ষার্থী উপজেলার গাঙ্গুরিয়া দেওনাপাড়া গ্রামের সময় বর্মণের ছেলে এবং আসল পরীক্ষার্থী গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের ছাত্র ও বারিন্দা গ্রামের রেজাউল সরদারের ছেলে জাহিদ হাসান। শনিবার তাদের পোরশা সরকারি কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়। বিপ্লব বর্মণ গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের সাবেক ছাত্র। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোসা. নাবিলা ফেরদৌস জানান, চলতি এইচএসসি পরীক্ষার শনিবার বাংলা বিষয়ে পরীক্ষা ছিল।
এই বিষয়ে পরীক্ষা দেওয়ার আসল পরীক্ষার্থী ছিলেন গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের ছাত্র জাহিদ হাসান(২১)। সে নিজে পরীক্ষায় অংশ গ্রহণ না করে একই কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বদলী পরীক্ষার্থী হিসাবে অংশ গ্রহণ করায়। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষনিক আসল পরীক্ষার্থী সহ দুইজনকে আটক করা হয়।
আটকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং শনিবার বিকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান। #



