ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আগুনযুক্ত ছাই ও বয়লারের গরম পানির পুকুরে পড়ে রিয়াল ইসলাম (১২) নামের এক মানসিক ভারসাম্যহীন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াদ উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দ্দ কালনা গ্রামের ফারুক হোসেন বাচ্চুর ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুঞ্জবনের তানজিদা অটো চাউল কলে।
শনিবার (১ আগষ্ট) রাত ৮ টার দিকে মহাদেবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কাশেমের নেতৃত্বে শিশুটির লাশ উদ্ধার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন শিশুটির বাবা-মা ঢাকায় থাকার কারণে সে তার নানা-নানীর সাথে গ্রামেই থাকতো। শনিবার সকাল ১১ টার দিকে শিশুটি নিখোঁজ হয়।
এরপর থেকেই তার স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে না পাওয়া যায় না। পরে পরবর্তীতে সন্ধ্যার দিকে কুঞ্জবনে অবস্থিত জিল্লু হাজীর তানজিদা অটো চাউল কলের গরম পানির পুকুরে তার পায়ের সেন্ডেল ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সর্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের মহাদেবপুর ইউনিট রাত ৮ টার দিকে বয়লারের গরম পানির পুকুর থেকে ডুবন্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#



