ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংর্ঘষে আল যোবায়ের (২৪) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার আখেড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাতে বগুড়া সি এম এইচ এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যোবায়ের নওগাঁর সীমান্ত ঘেঁষা সাপাহার উপজেলায় উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা।
জানা যায়, ছুটিতে সেনা সদস্য যোবাযের সিএনজিযোগে নওগাঁ থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মহাদেবপুরের আখেড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায়, গলায়, বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তার ডান পা গুড়িয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া সামরিক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী উপজেলার সিদ্দিকপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রিয়াদ (১৮), সিএনজি অটোরিকশার আরোহী ধামইরহাট উপজেলার কমলপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে নূর ইসলাম (৩০), পত্নীতলা উপজেলার শালবাড়ি কৃষ্ণপুর গ্রামের প্রাণ মোহাম্মদের ছেলে আজিজার রহমান (৩৮)। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সেনা সদস্য আল যোবায়ের এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, নিহত যোবায়ের ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি আসার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।


