ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রহনপুর কলেজ মোড় এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় কীটনাশক প্রস্ততকারী প্রতিষ্ঠান ইনতেফার রাজশাহী জোনের রিজিওনাল ম্যানেজার শহিদুল ইসলাম ও পরিবেশক কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলামসহ কৃষকরা উপস্থিত ছিলেন।ইনতেফার আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য উৎপাদন ও মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কৃষকসহ যারা কীটনাশক প্রয়োগ করেন, তাদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া জরুরি। একই সঙ্গে সবজিতে কীটনাশক প্রয়োগের পর কতদিন অপেক্ষা করে তা সংগ্রহ করলে নিরাপদ থাকে, সে বিষয়েও কৃষকদের সচেতন করা হয়।
কোম্পানির পরিবেশক মেসার্স নিলয় ট্রেডার্সের চেয়ারম্যান ও সফল কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান, দেশে এক হাজারেরও বেশি কীটনাশক কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠান ইনতেফার মতো নিরাপদ খাদ্য উৎপাদন ও জনস্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও অনেকাংশে কমে আসবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় কৃষকরা।


