ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাই হাটে নকল কীটনাশক বিক্রির দায়ে দোকান মালিক ও সংশ্লিষ্ট ডিলারের প্রতিনিধিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর বারাই হাটে মেহেদীর কীটনাশকের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান।
অভিযানকালে নকল কীটনাশক বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় দোকান মালিক মেহেদীকে ২০ হাজার টাকা এবং সংশ্লিষ্ট ডিলারের প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার মোট ৪০ হাজার টাকা আদায় করা হয়। এ সময় দোকানে থাকা নকল কীটনাশকগুলো জব্দ করা হয়। অভিযানে ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় নকল ও ভেজাল কৃষি উপকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



