ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপি সম্মেলন উপলক্ষ্যে নিতপুর ইউনিয়নের হেলিপ্যাড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ ও আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার সভাপতি জনাব গণেশ মার্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়াড় এবং রূপচান লাকড়া।
সম্মেলনে আদিবাসী জনগোষ্ঠীর জমি-জমার অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সাংবিধানিক ও মৌলিক দাবি বাস্তায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলন শেষে বিকালে আগামী তিন বছর মেয়াদে আদিবাসীনেতা গবেশ টপ্প্যকে সভাপতি ও রিপন দাশকে সাধারন সম্পাদক করে উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়।#



